Writing · Bangla
তোমাকে - ০১
তোমাকেই বলছি।
জানো, আমার পৃথিবীতে তখনো রাতের পর দিন আসতো, তারপর দিনের পর রাত। আর চিরন্তন এই আবর্তনে কি এক দমকা ঝড়ের মতোই না আমার জীবনে তুমি এসেছিলে।
ঝড় একসময় থেমে যায়, মিলিয়ে যায়। তেমনি করেই তুমি যেনো মিলিয়ে গেলে। যাবার আগে এমন এক বাস্তবতায় ঠেলে ধাক্কা দিয়ে আমায় ফেলে গেলে, যে বাস্তবতা তোমার অস্তিত্ব আমার কাছে অস্বীকার করতে চায়, নিজের অস্তিত্বের দায় থেকে।
আমার অযোগ্যতাকে যতোটা প্রকট করে আমার সামনে তুলে এনেছিলে, ওমন করে আর কেউই পারে নি। তুমি পেরেছো, সেটা তুমি করেছো আমার কাছ থেকে অনেকটা দূরে চলে গিয়ে।
নিজেকে প্রবোধ দেয়ার মতো বলি- তুমি এসেছিলে, কি প্রমান আছে তার? যা মিলিয়ে গিয়েছে সময় আর পরিস্থিতির আঁচড়ে, তুমি কি করে তা প্রমান করবে?…
…না, আমি কেনো এভাবে ভাবছি যে, তুমি প্রমান করতে চাও? প্রমান করার মতো কিছু নেই।
তোমার মনে আছে- সেদিন বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে তোমার জন্যে অপেক্ষা করছিলাম। বাসটা মিস করতে পারি ভেবে আরেকটু সামনের স্ট্যান্ডে গিয়ে দাঁড়াবো, সে উপায় ছিলো না- ওদিকে যেতে গিয়ে তোমার বাসটা যদি আমায় ছাড়িয়ে যায়। ওমনটা চাইছিলাম, কারণ আরেকটু বেশি রাস্তা তোমার সাথে যেতে পারবো বলে।তোমার বাসটা আসার আগে আরও দুটো বাস এসেছিলো, আসার সাথে সাথে আমি লাফ দিয়ে বাসে উঠে একজন একজন করে দেখছিলাম, যদি তোমায় দেখা যায়, এই আশায়।
তারপর তিন নম্বর বাসটায় তোমায় দেখলাম। এসির ঝাঁঝালো বাতাসে তোমার ঠান্ডা লাগছিলো বলে মুখটা ঢেকে রেখেছিলে। তোমার পাশে বসতেই বাসটা ছেড়ে দিলো, আমি জানালা দিয়ে তাকাতে তাকাতেই যেনো দ্রুতগতিতে অনেকখানি পথ শেষ হয়ে গেলো।
তুমি তখন গান শুনছিলে, কোনো কথা না বলে ডান কানের ইয়ারফোনটা খুলে আমার দিকে বাড়িয়ে দিলে। বাম কানে ইয়ারফোন লাগিয়ে কি গান সেদিন আমি শুনছিলাম, আজ আমার তা মনে নেই। মনে কেনো থাকবে বলো, আমার পাশে যে তুমি বসে ছিলে, তুমি। অন্য দিকে কি করে মন দেবো…
তারপর তুমি আমার বাহু জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে চোখ বুজে বসে রইলে। সারাদিনের অফিসের কাজ করে ক্লান্ত বোধ করছিলে হয়তো। অথবা শুধুই স্পর্শ করতে চেয়েছো, যাকে কয়দিন পরেই অবলীলায় “ভালোবাসি” কথাটা বলবে তুমি…
উত্তর দাও, সেদিন এভাবে আমার কাঁধে মাথা রেখে চোখ বুজে আসলে কি ভাবছিলে তুমি? অমুক দিন অমুক সময়ে মুখ ঘুরিয়ে নিয়ে আমার কাছ থেকে ঠিক কিভাবে চলে যাবে, সেই ছক আঁকছিলে মনের গহীনে? কিভাবে সান্ত্বনার নাটক সাজাবে, তা-ই ভাবছিলে? নতুন খেলনাটার দিকে তাকিয়ে হাতের খেলনাটাকে খেলা শেষ কিভাবে ভাঙ্গবে, তাই ভাবছিলে?
উত্তরটা দিয়ে যেও…
প্রথম প্রকাশঃ এপ্রিল, ২০২১